• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

দিগন্ত ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ১৫:৩৭ অপরাহ্ণ
জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রদলের সদস্য ও মীর মশাররফ হোসেন হলের সভাপতি মো. শেখ সাদী হাসান, এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ছাত্রদলের সদস্য তানজিলা হোসাইন বৈশাখী।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য–২৪’ স্মৃতিস্তম্ভ চত্বরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এই প্যানেল ঘোষণা করেন।

প্যানেলের অন্যান্য পদে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) মো. সাজ্জাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) আঞ্জুমান আরা ইকরা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খাঁন, সাংস্কৃতিক সম্পাদক মো. আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক মো. আমিনুল ইসলাম,তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন মো. তাওহিদুর রহমান খাঁন, সহ-সমাজসেবা (পুরুষ) শাকিল সর্দার, সহ-সমাজসেবা (নারী) কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া (পুরুষ) রুহুল আমিন সুইট, সহ-ক্রীড়া (নারী) মোছা. শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক মো. মমিনুল ইসলাম।

এছাড়াও কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরীন নিঝুম, হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান, এ. এম রাফিদুল্লাহ।

প্যানেল ঘোষণার সময় লিখিত বক্তব্যে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি অত্যন্ত জোরালো। বিশেষ করে চব্বিশের গণঅভ্যুত্থানের পর এই দাবি আরও প্রবল হয়েছে। তিনি বলেন, ছাত্রদল দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে এবং দেশের বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে তারা শিক্ষার্থীদের এই আকাঙ্ক্ষা অনুভব করে।

আবু আফসান আরও জানান, আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচনে ছাত্রদল একটি ইতিবাচক, শিক্ষার্থীবান্ধব এবং সহাবস্থানের রাজনীতি চর্চার লক্ষ্য নিয়ে প্যানেল দিয়েছে। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, মানসম্মত উচ্চশিক্ষা, আবাসন, নিরাপদ ক্যাম্পাস এবং উন্নত সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য।

ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, তারা কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ উভয় ক্ষেত্রেই পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী হবেন।