• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

তনুকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি, কারণ দর্শানোর নোটিশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ণ
তনুকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি, কারণ দর্শানোর নোটিশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহমেদুর রহমান তনু নামে নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আহমেদুর রহমান তনু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। সেই সাথে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন ৩ কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে আহমেদুর রহমান তনু বলেন, অলটারনেটিভ নামের একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি আমাদের সবশেষ দলীয় মিটিংয়ে দলের বিভিন্ন ভুল নিয়ে আমি প্রশ্ন তোলার কারণে আমাকে হয়তো এই শাস্তি দিয়েছে। তবে বিষয়টি আমাকে তারা ব্যক্তিগতভাবে জানাতে পারতো।