নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের এক নেতা কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে তিনি মারা যান বলে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ জানিয়েছেন।
মৃত আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির (৫৫) নগরের গলাচিপার প্রয়াত চান শরীফের ছেলে। তিনি মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি এবং স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি ছিলেন।
জেলা সুপার ফোরকান ওয়াহিদ বলেন, সোমবার রাত ৯টার দিকে হুমায়ূন কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক।
তিনি জানান, পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাকে নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরো জানান, আওয়ামী লীগের এ নেতা আগে থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার বুকে ব্যথা শুরু হওয়ার কথা জানানোর সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গত বছরের ১৮ ডিসেম্বর গ্রেপ্তার হন হুমায়ূন কবির। এরপর থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন তিনি।