বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান দোলন।
দোলন বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার যখন ভূলুণ্ঠিত, ঠিক তখনই তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং দেশকে এক নতুন দিশা দেখিয়েছিলেন। তিনি স্মরণ করেন যে কীভাবে জিয়াউর রহমান একদলীয় শাসনের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, যা দেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে দোলন বলেন, দেশের গণতন্ত্র স্বৈরাচারী সরকারের হাতে গত ১৭ বছর ধরে জিম্মি ছিল। তখন মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যা শহীদ জিয়ার প্রতিষ্ঠিত গণতন্ত্রের মূল আদর্শের পরিপন্থী।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে মেহেদী হাসান দোলন সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের প্রধান শপথ হোক গণতন্ত্র পুনরুদ্ধার করা। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি আপামর জনসাধারণের অধিকার আদায়ের প্রতীক। শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের দূরদর্শিতায় আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ, ইনশাআল্লাহ।
তিনি দেশবাসীকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। জাতীয়তাবাদী শক্তিকে অশুভ শক্তির মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।