নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় কালা চান সুপার মার্কেটে প্রকাশ্যে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা, নগদ টাকা লুটপাট এবং দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা হাজী আব্দুর রাজ্জাক বেপারীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ভুক্তভোগী কালা চান সুপার মার্কেটের মালিক মাজেদুল হক মাজু ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পলাতক আওয়ামী লীগ নেতা হাজী আব্দুর রাজ্জাক বেপারী, তার দুই ছেলে যুবলীগ নেতা শাহাবুদ্দিন বেপারী ও ছাত্রলীগ নেতা জুবায়ের বেপারী, খলিলুর রহমান, মিলন মুন্সি, জুয়েলসহ ২০-২৫ জন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। তারা ব্যবসায়ীদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং নগদ টাকা লুট করে। এমনকি জোরপূর্বক মার্কেটের দোকানপাটে তালা মেরে দেন তারা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ভবিষ্যতে ব্যবসা পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় আছেন। মার্কেটের ব্যবসায়ীরা জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য হাজী আব্দুর রাজ্জাক বেপারী স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার একটি সূত্র জানিয়েছে, অভিযোগ হাতে পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।