ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়ামের পাশে পরিত্যক্ত অবস্থায় পাঁচ বস্তা ভোটার এনআইডি কার্ড, বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সীল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত সব কার্ডই গাজীপুর সদর এলাকার বাসিন্দাদের।
উদ্ধারকৃত এসব কার্ড ও সরঞ্জামাদি নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন ব্যক্তি এসে স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে কয়েকটি বস্তা ফেলে যায়।
তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা এগিয়ে এসে বস্তাগুলো পরীক্ষা করেন। তখনই বেরিয়ে আসে বিপুল পরিমাণ এনআইডি কার্ড ও পোলিং অফিসারদের সীলসহ গুরুত্বপূর্ণ সামগ্রী।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান বাবু বলেন “আমি স্টেডিয়াম এলাকায় একটি স-মিল নির্মাণ করছি।
দীর্ঘদিন ধরে এখানে ময়লা না ফেলার প্রচারণা চালাচ্ছিলাম।
হঠাৎ সাদা গাড়ি থেকে কয়েকজন লোক বস্তা ফেলে গেলে আমার কর্মীরা এগিয়ে যায়। পরে দেখা যায় এগুলো এনআইডি কার্ডে ভরা।”
পরে বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সহায়তায় কার্ডগুলো উদ্ধার করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী জানান,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্ডগুলো উদ্ধার করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।”
নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান বলেন,“উদ্ধার হওয়া কার্ডগুলো নারায়ণগঞ্জ জেলার নয়, গাজীপুরের ভোটারদের।এগুলো পুরনো জাতীয় পরিচয়পত্র, স্মার্টকার্ড নয়। প্রাথমিকভাবে কার্ডগুলো পরিত্যক্ত মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”