• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ফতুল্লায় বাস চাপায় পথচারী নিহত

বাসচালক ও হেলপারকে গণপিটুনি

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫, ১৭:৩৫ অপরাহ্ণ
ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ফতুল্লায় বাস চাপায় পথচারী নিহত

নারায়ণগঞ্জ ফতুল্লায় বাসের চাপায় মোজাম্মেল হক (৫৫) নামের এক পথচারীর নিহত হয়েছেন। এ সময় দুইজন অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসচালক রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখকে (২৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আজ সোমবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হক ফতুল্লার জেলখানা এলাকার বাসিন্দা। আহত অটোরিকশা চালক আনিসুর রহমান (৩৮) মুন্সিগঞ্জের লৌহজংয়ের বসতগাঁও এলাকার মৃত আজিজুর রহমানের ও রানা বাবু (৪০) জয়পুরহাট জেলার নিক্তিপাড়ার তমিজউদদীন প্রামাণিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সড়কে অপেক্ষমাণ অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে আনিসুর রহমান ও রানা বাবু নামের দুইজন অটোরিকশা চালক গুরুতর আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ বাসচালক ও হেলপারকে গণধোলাই দেয়। আহত চারজনেই নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।

 

এদিকে পুলিশ প্রাথমিকভাবে নিহতের খবর জানাতে না পারলেও নারায়ণগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাদাত হোসেন একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক নামে একজন নিহত হয়েছেন। আহত আরও দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও গণপিটুনিতে আহত বাসের চালক ও হেলপারকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।